
সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলের সংসদ নেসেটে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে তিনি বলেন, “তুমি এখন ভালো হয়ে যেতে পারো, বিবি (নেতানিয়াহুর ডাকনাম)। তুমি এখন আর যুদ্ধে নেই।”
গাজায় সংঘাত বন্ধে ভূমিকার জন্য নিজেকে ও নেতানিয়াহুকে প্রশংসা করে ট্রাম্প বলেন, “শান্তি এখন আর কেবল আশা নয়, এটি বাস্তবতা। মার্কিন সহায়তায় ইসরাইল বিজয় অর্জন করেছে।” — খবর এনডিটিভির।
একইদিন ইসরায়েল ঘোষণা দেয়, তারা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের প্রার্থিতা জমা দিতে বিশ্বজুড়ে সমর্থন সংগ্রহ করবে। নেসেটে ট্রাম্পকে ‘শান্তির প্রেসিডেন্ট’ আখ্যায়িত করে স্পিকার আমির ওহানা বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি শান্তির প্রেসিডেন্ট। এই পৃথিবীতে শান্তি অগ্রগতিতে আপনার চেয়ে বেশি অবদান আর কেউ রাখেনি।”
তিনি আরও বলেন, “আপনার নেতৃত্ব শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য একটি মোড় ঘুরানো মুহূর্ত। দৃঢ় সংকল্পের মাধ্যমে আপনি বিশ্বের অন্তত আটটি অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়েছেন। নয় মাসেরও কম সময়ে আপনি ইতিহাসের অন্যতম প্রভাবশালী প্রেসিডেন্টে পরিণত হয়েছেন।”
ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নোবেল পুরস্কার জয়ের কয়েকদিন পরই ইসরায়েলের পক্ষ থেকে এই ঘোষণা আসে। নেসেটের স্পিকার বলেন, “শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় প্রেসিডেন্ট ট্রাম্প সর্বোচ্চ স্বীকৃতির যোগ্য।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।