
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে। প্রথম ধাপে সাতজন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান থেকে সরাসরি জিম্মি মুক্তির লাইভ স্ট্রিমিং দেখছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ট্রাম্প বর্তমানে আকাশপথে ইসরাইলের উদ্দেশ্যে যাচ্ছেন এবং এয়ার ফোর্স ওয়ানে বসেই তিনি মুক্তিপ্রাপ্ত জিম্মিদের দেখছেন।
হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের লাইভ স্ট্রিমিং দেখার ছবি শেয়ার করা হয় এবং ক্যাপশনে লেখা হয়, “ইতিহাস সৃষ্টি হচ্ছে।” সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ফোর্স ওয়ান থেকে দীর্ঘ ফ্লাইট শেষে ট্রাম্প শিগগিরই ইসরাইল অবতরণ করবেন, যেখানে তিনি নেতানিয়াহু ও জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ইসরাইলের পার্লামেন্ট নেসেটেও তিনি ভাষণ দেবেন। স্থানীয় সময় দুপুর ১টার দিকে তিনি মিশরের উদ্দেশ্যে রওনা হবেন।
রেডক্রস জানিয়েছে, সাতজন জিম্মিকে তাদের হেফাজতে হস্তান্তর করা হয়েছে এবং পরে গাজা উপত্যকায় আইডিএফ ও আইএসএ (ইসরাইলের নিরাপত্তা সংস্থা) বাহিনীর কাছে পাঠানো হবে। মুক্তিপ্রাপ্তদের নিরাপত্তা ও মর্যাদার স্বার্থে কোনো ফুটেজ সরবরাহ করা হবে না। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের পরিবারে হস্তান্তর করা হবে।
ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত সাতজন জিম্মি হলেন গালি ও জিভ বারম্যান (যমজ), মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর এবং গাই গিলবোয়া-দালাল।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।