শ্রমিকদের আন্দোলন বন্ধ করে কাজে ফেরার আহ্বান এমপি রনির, বললেন ‘সরষের ভেতর ভূত’
তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং শিল্পাঞ্চলে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে শ্রমিকদের আন্দোলন বন্ধ করে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। চলমান আন্দোলনের মধ্যে ‘সরষের ভেতর ভূত ঢুকে গেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুরের জয়দেবপুরে গাজীপুর ক্লাবে শ্রমিক অসন্তোষ নিরসনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওয়ার্কার ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন সম্রাটের সভাপতিত্বে সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও কারখানার শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।
সভায় শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সভাপতি মো. জহির উদ্দিন সম্রাট। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শ্রমিক দলের নেতাদের মধ্যে সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে।
শ্রমিক নেতা ফখরুল আলম তাঁর বক্তব্যে শ্রমিক নেতাদের হয়রানি বন্ধ, বন্ধ থাকা শ্রমিক সংগঠনগুলোর কার্যালয় খুলে দেওয়া এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতার দাবি জানান। পাশাপাশি গাজীপুরে একটি ‘শ্রমিক ভবন’ নির্মাণের প্রস্তাবও তুলে ধরেন শ্রমিক নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের বিকাশ শুরু হয়েছিল। সে কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রমিকদের প্রতি বিশেষ মমত্ববোধ রয়েছে। বর্তমান সরকার পোশাকশিল্পের সম্প্রসারণে সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি জানান, শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে আবাসন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এ ছাড়া শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় গাজীপুর মহানগর বিএনপির নেতা আহম্মেদ আলী রুশদী, সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়াসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।