জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত হয়নি কেউ
রাজধানীর শেরেবাংলা নগর থানার জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান।
তিনি জানান, রাত ১১টার পর দুর্বৃত্তরা রিকশায় করে এসে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে গত ১৪ অক্টোবর শেরেবাংলা নগরের জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।
ওই ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। বিস্ফোরণের স্প্লিন্টার তার শরীরে বিদ্ধ হয়। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।