শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাভার ও আশুলিয়ার দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শিল্পাঞ্চল পুলিশ ও ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, সাভার ও আশুলিয়ায় উদ্ভূত পরিস্থিতির কারণে দুই শতাধিক কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, শ্রমিকদের ঘিরে একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাঁর দাবি, ওই পক্ষের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সংখ্যাই বেশি।

শামীমা পারভীন বলেন, হেমায়েতপুরে প্রথমে ওই ব্যক্তিরাই পোশাক কারখানায় হামলা চালান। এতে আতঙ্কিত হয়ে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আসেন। বুধবারের ঘটনায় প্রকৃত শ্রমিকেরা জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি।

ঢাকা জেলা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হেমায়েতপুর এলাকা থেকে একটি ককটেলসহ একজনকে আটক করা হয়েছে। তাঁর দাবি, আটক ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিলেন। এ ছাড়া পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে।