ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। একই সঙ্গে ওয়াশিংটনকে সতর্ক করে মস্কো জানিয়েছে, সামরিক অভিযান, ধ্বংসযজ্ঞ কিংবা প্রাণহানির মাধ্যমে ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্প দমিয়ে রাখা সম্ভব নয়।
সম্প্রতি ইরানের কেশম দ্বীপে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, গত কয়েক মাসের ঘটনাপ্রবাহ স্পষ্ট করে দিয়েছে, সামরিক শক্তি প্রয়োগ করে ইরানি জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা দমন করা সম্ভব নয়। যারা নতুন করে হামলার হুমকি দিচ্ছে কিংবা সামরিক পদক্ষেপ নিচ্ছে, তাদের অতীতের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত।
সংকট নিরসনে সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন জাখারোভা। তিনি বলেন, সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে এবং তা বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে রাশিয়া।
এদিকে, বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন রুশ এই মুখপাত্র।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি ব্যবহারের ক্ষেত্রে ইরানের বৈধ স্বার্থের প্রতি সম্মান দেখাতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলের স্বার্থে সব দেশের জন্য এ গুরুত্বপূর্ণ জলপথ নিরাপদ ও উন্মুক্ত রাখা নিশ্চিত করতে হবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।