মোংলায় প্রধানমন্ত্রী, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের

বাগেরহাটের মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এক দিনের সরকারি সফরে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে মোংলায় অবতরণ করেন তিনি। এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা।

সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

মোংলার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

দিনব্যাপী সফরের কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।