২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। আগামী বছর সরকারি ও আধা-সরকারি অফিসসহ সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় মোট ২৯ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি ১৫ দিন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্ধারিত ২৯ দিনের সরকারি ছুটির মধ্যে সাত দিন পড়েছে শুক্রবার ও শনিবার। ফলে সাপ্তাহিক ছুটি বাদ দিলে সরকারি কর্মচারীরা কার্যত ২২ দিন ছুটি ভোগ করতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ সালে দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ছুটির তালিকা কার্যকর হবে।

এ ছাড়া সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এ জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।

সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করে ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত এবং যেসব প্রতিষ্ঠানকে সরকার অত্যাবশ্যকীয় হিসেবে ঘোষণা করেছে, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় নিজস্ব বিধিবিধান অনুযায়ী ছুটি নির্ধারণ করবে।

এর আগে গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।