সরকার সাতক্ষীরা জেলাকে ‘বি’ থেকে ‘এ’ শ্রেণির জেলায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে, যার ভিত্তিতে বিবেচনা করা হয়েছে জেলার পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন গুরুত্ব ও ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা।

এই প্রস্তাব মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভায় অনুমোদিত হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিকারের প্রথম সভা।

সভায় সাতক্ষীরা জেলার মানোন্নয়ন ছাড়াও প্রশাসনিক কাঠামো সংস্কার ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে চারটি নতুন থানা স্থাপনের অনুমোদন রয়েছে। নতুন থানাগুলো হলো: গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলার মাতারবাড়ী। এছাড়া নরসিংদী জেলার রায়পুরা থানাকে ভেঙে নতুন একটি থানা গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি বিদ্যমান বিভাগ—‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’—একত্র করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ নামে পুনর্গঠন করার সিদ্ধান্ত হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে, তবে ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

অর্থনৈতিক ব্যবস্থাপনায় গতি আনতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

সভায় ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও গ্রহণ করা হয়। প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও সরকারের ঊর্ধ্বতন সচিবরা সভায় উপস্থিত ছিলেন।