পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ঈসমাইল খানের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন পুলিশ সদস্য এবং পাঁচজন হামলাকারী রয়েছেন। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জিও নিউজ জানায়, নিহতদের মধ্যে একজন ছিলেন আত্মঘাতী হামলাকারী।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রথমে প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এরপর সশস্ত্র হামলাকারীরা গুলি চালিয়ে ব্যাপক তাণ্ডব চালায়।

পুলিশ সূত্র জানায়, হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ চলে। উপ-পুলিশ সুপার হাফিজ মুহাম্মদ আদনান জানান, “হামলাকারীদের সবাইকে নির্মূল করা হয়েছে।”

এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৩ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে বলেন, “পুলিশ সদস্যরা আত্মত্যাগের মাধ্যমে সন্ত্রাসীদের নোংরা পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন।”

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলার ঘটনা বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।