
সুদানে ভয়াবহ ভূমিধসে মাটির সাথে মিশে গেছে একটি সম্পূর্ণ গ্রাম। এতে প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ, বেঁচে আছেন মাত্র একজন।
সোমবার (১ সেপ্টেম্বর) সুদান লিবারেশন মুভমেন্ট এ তথ্য নিশ্চিত করে। আবদেলওয়াহিদ মোহাম্মদ নুরের নেতৃত্বাধীন সংগঠনটি জানায়, কয়েকদিনের টানা ভারি বৃষ্টির পর গত ৩১ আগস্ট দারফুর অঞ্চলে এ ভূমিধস ঘটে।
সংগঠনটির দাবি, পুরো গ্রামটি ধ্বংস হয়ে গেছে এবং এখন মাটির সাথে একাকার। তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে নিহতদের দেহ উদ্ধারে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে।
ইতিমধ্যেই ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাওয়া সুদানে এ মর্মান্তিক বিপর্যয় নতুন করে দুর্ভোগ ডেকে এনেছে। উত্তর দারফুর রাজ্যে সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘাত থেকে পালিয়ে বহু মানুষ ওই দুর্গম পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছিলেন। সেখানে খাদ্য ও ওষুধের চরম সংকট বিরাজ করছিল।
দুই বছরের গৃহযুদ্ধের ফলে সুদানের অর্ধেকেরও বেশি মানুষ ক্ষুধার হুমকির মুখে পড়েছেন। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পালাতে বাধ্য হয়েছেন। এর মধ্যে উত্তর দারফুরের রাজধানী আল-ফাশিরও সম্প্রতি আগুনে পুড়ে গেছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।