
স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থলে নির্মাণাধীন একটি ভবন ধসে মৃতের সংখ্যা বুধবার চারজনে পৌঁছেছে। উদ্ধারকর্মীরা মঙ্গলবার রাতে নিখোঁজ থাকা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন, বলে জানিয়েছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে জনপ্রিয় পর্যটন এলাকা প্লাজা মেয়রের কাছে ভবনটির আংশিক ধসের কয়েক ঘণ্টার মধ্যে দুটি মরদেহ উদ্ধার করা হয়। পরে বুধবার ভোরে দমকলকর্মীরা আরও দুটি মরদেহ উদ্ধার করেছেন, জানিয়েছেন মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেস-আলমেইদা।
মেয়র এক্সে লিখেছেন, “এ কঠিন সময়ে নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমাদের ভালোবাসা ও সহমর্মিতা রইল।”
জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন ছিলেন নির্মাণকর্মী এবং একজন ছিলেন প্রকল্প তদারকির দায়িত্বে থাকা নারী প্রকৌশলী। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, নিহত শ্রমিকরা মালি, গিনি ও ইকুয়েডর থেকে এসেছিলেন।
এই ঘটনায় আরও তিনজন সামান্য আহত হয়েছেন।
ভবন ধসের কারণ এখনো তদন্তাধীন। সিটি করপোরেশনের রেকর্ড অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে পুরনো অফিস ভবনটি হোটেলে রূপান্তর করার অনুমোদন দেওয়া হয়েছিল।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।