নোয়াখালীর কবিরহাটে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে বিএনপি নেতা ওজি উল্যাহকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ওজি উল্যাহ কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের দুধা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর ধানসিঁড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে নিয়োগ পান বিএনপি নেতা ওজি উল্যাহ। এরপর থেকেই চাল বিতরণে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে।

গত ৩০ আগস্ট শনিবার বিকেলে স্থানীয়রা তাকে তিন বস্তা চাল কালোবাজারে বিক্রি করতে গিয়ে ধরে ফেলেন। খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ৪৩ বস্তা চাল জব্দ করে ইউনিয়ন সচিবের জিম্মায় রাখেন। অভিযোগ রয়েছে, চাল বিতরণের স্থান পরিবর্তন করে নিয়ম ভঙ্গ করে আসছিলেন তিনি।

এ ঘটনায় উপজেলা উপ-খাদ্য পরিদর্শক ছালেহ উদ্দিন বাদী হয়ে ১ সেপ্টেম্বর কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া জানান, মামলার পরিপ্রেক্ষিতে ওজি উল্যাহকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।