চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা সবাই নিম্নআয়ের পেশাজীবী ছিলেন—কেউ ভ্যানচালক, কেউ মিল শ্রমিক, আবার কেউ মাছ ব্যবসায়ী।

ঘটনাটি সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় ঘটেছে। নিহতরা হলেন—নফরকান্দি গ্রামের ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা হাসপাতালপাড়ার মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালী স্কুলপাড়ার ভ্যানচালক মোহাম্মদ লান্টু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ টাওয়ারপাড়ার মিল শ্রমিক মোহাম্মদ সামির (৫৫) এবং এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়ার শ্রমিক সরদার মোহাম্মদ লান্টু (৫২)। এছাড়া দিনমজুর আলিম উদ্দিন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের আলী জানান, গত বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন একসঙ্গে অ্যালকোহল পান করেন। এরপর ধীরে ধীরে সবাই অসুস্থ হয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে ছয়জন মারা যান। রোববার (১২ অক্টোবর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়, যার পর বিষয়টি প্রকাশ্যে আসে।