
রাজধানীর হাজারীবাগ এলাকায় দীর্ঘদিনের আতঙ্কের নাম কিশোর গ্যাং নেতা ‘ডন সাগর’ সেনা অভিযানে গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
ঘটনার আগে, সাগর তার সহযোগীদের সঙ্গে নয়ন নামের এক যুবকের ওপর হামলা চালায়। গুরুতর আহত নয়ন জানান, সকালবেলা বাসা থেকে বের হওয়ার পর ডন সাগর ও তার সহযোগীরা তাকে রাস্তায় আটক করে। তাদের হাতে ছিল চাইনিজ চাপাতি, যা দিয়ে তারা এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে নয়নের হাত ও শরীরে মোট ১৩টি সেলাই দিতে হয়। আহত যুবক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
হামলার খবর সেনাবাহিনীর গোয়েন্দা নজরে আসে। পরে কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে ডন সাগরকে তার সহযোগীদের কাছ থেকে হাতেনাতে আটক করে।
স্থানীয় সূত্র জানায়, ২০ বছর বয়সী ডন সাগর হাজারীবাগ, জিগাতলা, গজমহল ও বেড়িবাঁধ এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করছিল। তার নেতৃত্বাধীন সদস্যরা চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে জড়িত ছিল।
গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি ধারালো চাইনিজ চাপাতি, দুটি মোবাইল ফোন, নগদ ২৭০০ টাকা এবং একটি হাতঘড়ি।
আটক সাগরকে জিজ্ঞাসাবাদ শেষে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। সেনা সূত্র জানিয়েছে, তার গ্যাংয়ের অন্যান্য সদস্যদের শনাক্তের জন্য অভিযান অব্যাহত রয়েছে। হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ডন সাগর ও তার গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস চালিয়ে আসছিল। তার গ্রেফতারের পর এলাকার মানুষদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।