ফুটবল মাঠে অসংখ্য সাফল্যের পর এবার কি রুপালি পর্দায় নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো—এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে। যদিও এখনো হলিউডের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক চুক্তির খবর নিশ্চিত হয়নি, তবে সাম্প্রতিক একটি ছবি ও মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস–এ রোনালদোর জন্য একটি চরিত্র ভাবা হচ্ছে—এমন ইঙ্গিত দিয়েছেন সিরিজটির অন্যতম প্রধান অভিনেতা ভিন ডিজেল। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোনালদোকে ট্যাগ করে তাদের দুজনের একটি ছবি শেয়ার করেন তিনি।

ওই পোস্টে ভিন ডিজেল জানান, অনেকেই জানতে চেয়েছেন রোনালদো কি ‘ফাস্ট’ সিরিজের গল্পের অংশ হতে যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, রোনালদোর জন্য আলাদা করে একটি চরিত্র লেখা হয়েছে এবং তাকে একজন ‘খাঁটি মানুষ’ হিসেবে বর্ণনা করেন।

তবে চরিত্রটির ধরন বা গল্পে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হবে—সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি ভিন ডিজেল। এ নিয়ে এখন পর্যন্ত রোনালদোর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ফলে তার হলিউডে অভিষেকের বিষয়টি আপাতত গুঞ্জন ও কৌতূহলের মধ্যেই সীমাবদ্ধ।

উল্লেখ্য, স্ট্রিট রেসিং ঘরানার জনপ্রিয় এই সিরিজের পরবর্তী কিস্তি ফাস্ট এক্স: পার্ট ২ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের এপ্রিল মাসে। সেখানে রোনালদোকে দেখা যাবে কি না—তা জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।