
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের এক অভাবনীয় কর্মকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করার ঘোষণা তিনি দিয়েছেন মাইকিং করে!
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস মিয়া বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রিকশায় করে গ্রামজুড়ে মাইক দিয়ে ঘোষণা দেন, শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর পানের বরজ এলাকায় ছোট ভাই হাবিজারের সঙ্গে তিনি মারামারি করবেন।
এ ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা হামিদা খাতুন বলেন, “আমরা নিজের কানে শুনেছি—জুমার নামাজের পর কুদ্দুস ভাই ছোট ভাই হাবিজারের সঙ্গে মারামারি করবেন বলে ঘোষণা দিয়েছেন।”
এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেওয়া হয়েছে। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।