
বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো ঠাঁই নেই—
এমনই দৃঢ় বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
তিনি স্পষ্ট করে বলেন—বাংলাদেশ তার সীমান্তের মধ্যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তৎপরতা চালাতে দেবে না।
সন্ত্রাসবাদ মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, দেশের মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূলে সরকার সর্বাত্মক চেষ্টা চালাবে।
প্রায় ৪০ মিনিটের এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়।
বিশেষ করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা, গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে উভয় পক্ষ আশাবাদ প্রকাশ করে।
জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কেও তাকে অবহিত করেন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বার্তা পরিষ্কার—দেশে কোনো উগ্রবাদী কার্যকলাপ বরদাশত করা হবে না।
গণতন্ত্র ও শান্তির পথে দৃঢ় প্রত্যয়ে অগ্রসর হচ্ছে বাংলাদেশ।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।