পুলিশ কনস্টেবল শফিকুল ইসলামের আত্মহত্যা, মেয়েকে পাঠানো ‘শেষ বার্তা’

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামে। তিনি মান্নান মল্লিকের ছেলে এবং যাত্রাবাড়ী ফাঁড়িতে কর্মরত ছিলেন। ২০০৩ সালে তিনি পুলিশ সার্ভিসে যোগদান করেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হতাশা ও মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে রাত ৩টা ২৫ মিনিটে তিনি বড় মেয়েকে মোবাইলে লিখেছিলেন, “আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রেখো।” এরপর মেয়ে ফোন করলে তিনি রিসিভ করেননি।

শফিকুল ইসলামের সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) আব্দুল হান্নান জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক বিষণ্ণতা ও চাপের মধ্যে ছিলেন।

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল বলেন, ফাঁড়ির ওয়াশরুমে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।