ভারতে একই পরিবারের পাঁচজনের মৃতদেহ উদ্ধার

ভারতের রাজস্থানের সিকার এলাকায় এক মর্মান্তিক ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে তিনটি শিশু, এক কিশোরী এবং তাদের মা অন্তর্ভুক্ত।

পুলিশ জানায়, মৃতরা হলেন কিরণ (৩৫) এবং তার চার সন্তান—সুমিত (১৮), স্নেহা (১৩), আয়ুশ (৪) ও অবনীশ (৩)। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিনের দাম্পত্য কলহের কারণে কিরণ তার চার সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে আলাদা থাকতেন।

প্রতিবেশীরা জানিয়েছেন, দু-তিন দিন ধরে ফ্ল্যাটটি ভেতর থেকে বন্ধ ছিল। কোনো শব্দ না পেয়ে শুক্রবার সকালে দুর্গন্ধ টের পেয়ে দরজা ভেঙে প্রবেশ করলে পরিবারের পাঁচজনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।

সিকার সদর থানার এসএইচও ইন্দ্ররাজ মারোদিয়া বলেন, দেহগুলো পচাগলা অবস্থায় পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে তারা দু-তিন দিন আগে মারা গেছেন। তবে দেহে কোনো আঘাতের চিহ্ন নেই।

পুলিশের ডেপুটি সুপার সুরেশ শর্মা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে হত্যার সম্ভাবনাও পুরোপুরি খারিজ করা যায়নি। ফরেনসিক দল ঘটনার তদন্ত করছে।

তথ্যসূত্র: আনন্দবাজার