
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে সমাবেশ চলাকালীন এক পর্যায়ে পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। সমাবেশ শুরুর কিছুক্ষণ পরই মিছিল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়।
ঘটনায় বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেছেন, পুলিশ বিনা উসকানিতে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে।
এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।