চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশা ক্রয়-বিক্রি নিয়ে বিরোধের জেরে মনোয়ার হোসেন ওরফে মনা (৫৫) নামের এক ব্যক্তিকে হাত-পা বাঁধা অবস্থায় নিজের ঘর থেকে উদ্ধার করেছে স্থানীয়রা ও পুলিশ। ঘটনা ঘটেছে শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের পালের বাড়িতে।

প্রতিবেশীরা জানান, ব্র্যাক এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে মনোয়ার একটি অটোরিকশা কিনেছিলেন। পরে তার স্ত্রী তাসলিমা বেগম, মেজ ছেলে জুয়েল, বড় মেয়ে প্রিয়া ও ছোট মেয়ে রিয়া মিলে অটোরিকশাটি ৫৩ হাজার টাকায় বিক্রি করেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তারা মনোয়ারকে হাত-পা বেঁধে মারধর করেন এবং মেয়েরা বালিশচাপা দিয়ে হত্যার চেষ্টা করেন।

তার চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মনোয়ারকে উদ্ধার করা হয় এবং স্ত্রী তাসলিমা, ছেলে জুয়েল ও দুই মেয়েকে আটক করে থানায় নেওয়া হয়।

মনোয়ার পুলিশকে জানান, বিক্রির বিষয়টি তিনি মেনে না নেওয়ায় পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করতে চেয়েছিল।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, মনোয়ার পাঁচ সন্তানের জনক; দুই ছেলে বিদেশে থাকেন। ঘটনার দিন পারিবারিক বিষয় ও অটোরিকশা বিক্রি নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।