
ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) সকালে স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
নিহতদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে। এদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে— বাবলু, সাহাবুদ্দিন, আমিন সওদাগর, আরজু ও রকি।
স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে জানা গেছে, মাছধরা শেষে ফেরার পথে দুকুম এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।
একসঙ্গে একই এলাকার সাতজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারিকাইতজুড়ে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “কেউ কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাদের হারানো আমাদের সবার জন্য গভীর বেদনার।”
ওমানে প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে জানা গেছে, নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি ঘনিষ্ঠভাবে তদারকি করছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।