
গাজায় অব্যাহত ইসরায়েলি নৃশংসতা, একদিনেই নিহত ১১৬ ফিলিস্তিনি
গাজা উপত্যকায় আবারও রক্তাক্ত এক দিন পার করলো ফিলিস্তিনিরা। মানবিক সহায়তার আশায় লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে শনিবার (১৯ জুলাই) প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন। একই দিনে বিভিন্ন হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জনে। এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গাজার খান ইউনিস ও রাফাহ এলাকায় দুটি সহায়তা বিতরণ কেন্দ্রের আশপাশে এই হত্যাকাণ্ড ঘটে। ক্ষুধার্ত মানুষ খাদ্যের আশায় জড়ো হলেও শুরু হয় ইসরায়েলি গুলিবর্ষণ। বহু মানুষ আহত হন ঘটনাস্থলে।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, শুধু এই সহায়তা লাইনের ঘটনাতেই ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ গেছে ৩৮ জনের।

আল জাজিরা আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে এই খাদ্য সহায়তা কার্যক্রম চলছিল। কিন্তু বিতরণ শুরুর আগেই ইসরায়েলি সেনারা ওই এলাকায় অবস্থান নেয় এবং বিনা উসকানিতে গুলি চালায় গাজাবাসীর ওপর।
গাজায় দিন দিন বাড়ছে হতাহতের সংখ্যা, আর থামছেই না ইসরায়েলি আগ্রাসন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।