বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিবসটির মূল অনুষ্ঠান। শোভাযাত্রাটি ডাক ভবনের আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে শেষ হয় একই স্থানে।

এ বছরের প্রতিপাদ্য— ‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর।’ ডাক সেবার মাধ্যমে মানুষের সংযোগ, সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং টেকসই উন্নয়নে ডাক বিভাগের ভূমিকা তুলে ধরতেই বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে ডাক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ঘোষণা অনুযায়ী, প্রথম দিনে শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ‘আগামীর ভাবনায় ডাক’ শীর্ষক সেমিনার।

দ্বিতীয় দিন শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে কর্মসূচি।

এছাড়া দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন, যা ডাক বিভাগের ঐতিহ্যে নতুন অধ্যায় হিসেবে যুক্ত হবে।