ভারতের রাজস্থানের জয়সলমে ভয়াবহ অগ্নিকাণ্ডে যাত্রীবাহী একটি চলন্ত বাস পুড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) জয়সলম থেকে জোধপুরগামী বাসে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে ৫৭ জন যাত্রী নিয়ে জয়সলম থেকে বাসটি রওনা দেয়। জয়সলম–জোধপুর মহাসড়কে পৌঁছালে হঠাৎ বাসের পেছন দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। চালক দ্রুত বাস থামিয়ে রাস্তার পাশে নেওয়ার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে।

স্থানীয় লোকজন ও পথচারীরা ছুটে এসে উদ্ধার কাজে যোগ দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেক যাত্রী বের হওয়ার সুযোগই পাননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

জয়সলমের জেলা প্রশাসন জানায়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়। জেলা কালেক্টর প্রতাপ সিং আহতদের দ্রুত চিকিৎসা এবং সহায়তার জন্য জরুরি হেল্পলাইন চালুর নির্দেশ দেন।

রাজ্যপাল হরিভাউ বাগাড়ে, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত ও বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোরসহ বিভিন্ন রাজনৈতিক নেতা এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক বার্তায় বলেন, জয়সলমেরের বাস দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আহতদের যথাযথ চিকিৎসা ও নিহতদের পরিবারের প্রতি সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।