
আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়। এ উপলক্ষে প্রতি বছরই দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপিত হয়। তবে এবারের বিজয় দিবস ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মোদি ১৯৭১ সালের যুদ্ধকে ভারতের ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করেন। তবে পুরো পোস্টে বাংলাদেশের নাম বা বাংলাদেশের বিজয়ের প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করায় সমালোচনার মুখে পড়েন তিনি।
ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদি লেখেন,
‘বিজয় দিবসে আমরা সেই সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের সাহসিকতা ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছে। এই দিনটি তাদের বীরত্বকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।’
মোদির এই পোস্ট বাংলাদেশের নেটিজেনদের দৃষ্টি এড়ায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট শেয়ার করে অনেক বাংলাদেশি নাগরিক ক্ষোভ প্রকাশ করেন এবং একে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার চেষ্টা বলে মন্তব্য করেন।
এর আগে বিজয় দিবস উপলক্ষে ভারতের সেনাবাহিনীও একটি পোস্ট দেয়। সেখানে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে জানায়, ‘বিজয় দিবস শুধু একটি তারিখ নয়; এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের প্রতীক।’
পোস্টে আরও বলা হয়, মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। ভারতীয় সেনাবাহিনী জানায়, ‘এটি ছিল সেই বিজয়, যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী একসঙ্গে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে গিয়েছিল। এই বিজয় শুধু ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেনি, বরং দক্ষিণ এশিয়ার মানচিত্র নতুনভাবে অঙ্কন করেছে এবং একটি নতুন রাষ্ট্র—বাংলাদেশের জন্ম দিয়েছে।’
ভারতীয় সেনাবাহিনী আরও উল্লেখ করে, ‘পাকিস্তানি সেনাবাহিনী যে নৃশংসতা, নিপীড়ন ও নিষ্ঠুরতা পুরো জাতির ওপর চালিয় [চালিয়েছিল], এই যুদ্ধ তার অবসান ঘটিয়েছে।’
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।