সৌদি আরবে নিখোঁজের ১৫ দিন পর মরুভূমির নির্জন এলাকায় পাথরের নিচে সবুজ মাতুব্বরের মরদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ। তার ব্যবহৃত পোশাক দেখে স্থানীয়রা মরদেহটি সবুজের বলে শনাক্ত করেছেন।

মাদারীপুরের শিবচর উপজেলার মানিকপুর গ্রামের ভ্যানচালক বাবার একমাত্র ছেলে সবুজ ভাগ্য পরিবর্তনের আশায় ধার-দেনা করে প্রবাসে যান। প্রবাসে তার কয়েক মাসের জীবন কেটে যাওয়ার পরও প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন।

গত সোমবার (১৪ অক্টোবর) আল কাসিম মরুভূমিতে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করা অবস্থায় পাথরের নিচে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানায়, ২৯ সেপ্টেম্বর বাবার সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল। ওই সময় ১০ হাজার টাকা পাঠানোর কথা বলেন সবুজ। ১ অক্টোবর টাকা পাঠানোর জন্য আবার যোগাযোগ করলে নম্বর বন্ধ পাওয়া যায়। এরপর আর তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

পরিবারের দাবি, তাদের পক্ষে মরদেহ দেশে আনার খরচ বহন করা সম্ভব নয়। তারা সরকারের কাছে দাবি করেছেন, মরদেহটি সরকারি খরচে দেশে আনা হোক এবং হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান জানিয়েছেন, পরিবার এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে বিষয়টি অত্যন্ত দুঃখজনক, এবং আশা করা হচ্ছে উপজেলা প্রশাসন হতদরিদ্র পরিবারটির পাশে থাকবে।