
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত এবং সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ গ্রেফতার দেখানোর আদেশ দেন।
গ্রেফতার দেখানোর পর আদালতে সুমাইয়া জাফরিন কান্নায় ভেঙে পড়েন, তবে তিনি কোনো বক্তব্য দেননি।
আগস্টে রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া মামলায় ৬ আগস্ট সুমাইয়া জাফরিনকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল। পরদিন (৭ আগস্ট) তাকে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষ হওয়ার পর ১২ আগস্ট তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং পরে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল, ১৭ জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তাকে তার উত্তরা এলাকার বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য ইতিমধ্যেই একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণ তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রথাগত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।