
চাঁদা না দেওয়ায় ২৯ দিন ধরে মাদ্রাসা বন্ধ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল হাজীবাড়ি জামে মসজিদের ইমামের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ায় স্থানীয় এক যুবক মসজিদ ও সংলগ্ন হেফজখানার বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ বন্ধ করে দেন। এ ঘটনায় ইমাম হাসান আলী ভয়ে ২৯ দিন ধরে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে গেছেন।
ফলশ্রুতিতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং ২০ শিক্ষার্থীর ধর্মীয় শিক্ষা ও থাকা-খাওয়ার বিষয় অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মাদ্রাসার সার্বিক দায়িত্ব পালনকারী প্রবাসী ধর্মপ্রাণ আখতারুজ্জামান জুগলুর দেশে অবস্থান না থাকার সুযোগ নিয়ে আবু ইসলাম সাদ্দাম চাঁদা দাবি করেন।
ইমাম হাসান আলী বলেন, “গত ১৪ সেপ্টেম্বর রাতে আমার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। আমি আত্মভয়ে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে এসেছি।” প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা আল আমিন দ্রুত মাদ্রাসা পুনরায় চালু করে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
সরিষাবাড়ী থানার ওসি মো. রাশেদুল হাসান জানান, “এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল চাঁদার দাবিতে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার ঘটনাকে মানবিকতার পরিপন্থি ও দুঃখজনক আখ্যা দিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।