চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্স আটক হওয়ার ঘটনায় অভিযুক্ত এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে লোহাগাড়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি বছরের ২২ এপ্রিল তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, অভিযুক্ত এসআই কামালের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় স্থানীয়রা তিনজনকে ফেনসিডিল পাচারের সময় আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন। এসময় তাদের কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—লোহাগাড়ার সুখছড়ি এলাকার রমিজ উদ্দিন (৩৫), সদর এলাকার নাজিম উদ্দিন (৪৫) এবং মুন্সীগঞ্জের গজারিয়া থানার তাজুল ইসলাম (৪৯)। আটক রমিজ উদ্দিন দাবি করেছেন, তারা পুলিশের সোর্স এবং এসআই কামাল হোসেনই তাদের ফেনসিডিলগুলো দিয়েছেন, যা পার্বত্য লামার আজিজ নগরে পৌঁছে দেয়ার নির্দেশ ছিল।