বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান জানিয়েছেন, নুরুল হক নুরের ওপর হামলায় লাল রঙের শার্ট পরা এক ব্যক্তি জড়িত ছিল। তাকে শনাক্ত করা গেলে অনেক কিছু উদঘাটিত হতে পারে।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন—
“ছবি ও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, গাঢ় লাল শার্ট পরা একজন ব্যক্তি নুরুল হক নুরকে নির্মমভাবে আঘাত করছে। সে কে? তার পরিচয় উদঘাটন করা গেলে অনেক কিছুই জানা যাবে।”

তিনি আরও লিখেছেন—
“তাহলে বোঝা যাবে, কারা পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত ও নিয়ন্ত্রণের বাইরে নিতে চাইছে এবং তাদের উদ্দেশ্যই বা কী।”

সেই সঙ্গে তিনি নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আল রাজী টাওয়ারের সামনে ঠেলে দেয়। ঠিক তখনই সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ শীর্ষ নেতারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ওপর লাঠিচার্জ করে।

এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।