
রাজশাহীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে অশালীন ভাষায় গালাগাল করার পর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তরুণীর নাম শেখ মিফতা ফাইজা (১৯)। তিনি নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।
সোমবার (২৭ অক্টোবর) রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল তাকে গ্রেপ্তার করে।
এর আগে ফাইজার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি রাজশাহী নগরের সি অ্যান্ড বি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও শহীদদের উদ্দেশে অশালীন ভাষায় মন্তব্য করছেন। পরে মোবাইল ফোনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন।
আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর ২৫ অক্টোবর তানভির আহমেদ সুইট নামে একজন ডিবি পুলিশকে বিষয়টি জানান। প্রথমে অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি, তবে পরে গোদাগাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী। তদন্তে জানা গেছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী পোস্ট ও ভিডিও শেয়ার করতেন এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবারই তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানায় পুলিশ।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।