গণভোট নিয়ে ‘নয়ছয় নয়’ বলে সরকারকে হুঁশিয়ারি জবি ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর

গণভোট বাস্তবায়নের দাবিতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ভিপি প্রার্থী এ কে এম রাকিব। সোমবার (৩০ মার্চ) মধ্যরাতে ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি গণভোটের পক্ষে নিজের দৃঢ় অবস্থান তুলে ধরেন। গণভোট অধ্যাদেশ বিল বাতিলের ঘোষণা সামনে আসার পরই তিনি এ প্রতিক্রিয়া জানান।

সরকারি জোটে থাকা ভিপি নুরুল হক নুরের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের এই নেতা বিএনপি ও সরকারের গণভোটবিরোধী অবস্থানের সমালোচনা করেন। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ‘জুলাই’ অভ্যুত্থানে সব রাজনৈতিক শক্তি ও সাধারণ মানুষ অংশ নিয়েছিল, যার ফলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং সংস্কারের প্রতিশ্রুতি সামনে আসে। সেই সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণভোটের কথা উল্লেখ করেন তিনি।

রাকিব প্রশ্ন তোলেন, নির্বাচনের আগে গণভোটের বিষয়ে সমর্থন থাকলেও নির্বাচনের পর কেন এ নিয়ে টালবাহানা করা হচ্ছে। তার মতে, গণভোটের বিষয়ে জুলাইপক্ষের প্রায় সব শক্তির সম্মতি ছিল, এমনকি বর্তমান সরকারও আগে এর পক্ষে অবস্থান নিয়েছিল।

তিনি আরও বলেন, একজন নাগরিক ও জুলাই আন্দোলনের অংশ হিসেবে তিনি গণভোট বাস্তবায়নের দাবি জানাচ্ছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সতর্ক করে দিয়ে বলেন, ‘জুলাইকে বিক্রি করা হলে তার বিরুদ্ধেও লড়াই করা হবে—প্রয়োজনে জীবন দিয়েও জুলাই রক্ষা করা হবে।’