
রাজধানীর আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে সাবলেট বাসাভাড়ার এক হাজার টাকা নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মো. স্বপন (৬০)। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার তাহের ফকিরকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় প্রসাধনী ব্যবসায়ী ছিলেন এবং ভাইয়ের সঙ্গে স্টাফ কোয়ার্টারের একটি কক্ষে ছয় হাজার টাকায় ভাড়া থাকতেন।
আজ সোমবার (১৩ জুলাই) ভোরে স্বপনের ওপর হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন রিজভী এবং তার চাচাতো ভাই রোহান।
স্বপনের ভাই রাজা মোহাম্মদ সেলিম বলেন, ‘আমার ভাই স্বপন অত্যন্ত শান্ত প্রকৃতির ছিলেন, কারও সঙ্গে কখনো কোনো বিরোধে জড়াতেন না। আমরা দুই ভাই মেডিকেল স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতাম। রিজভী মাস শেষ হওয়ার আগেই ভাড়ার জন্য চাপ সৃষ্টি করতেন। চলতি মাসের ভাড়ার মধ্যে মাত্র ১ হাজার টাকা বকেয়া ছিল। রাতে রিজভী ওই টাকা চাইলে বলে, দু-একদিনের মধ্যে পরিশোধ করে দেবো। এতে ক্ষিপ্ত হয়ে রিজভী আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। ভোর ৪টার দিকে রিজভী এবং তার চাচাতো ভাই রোহান রুমের সামনে এসে আমাদের সঙ্গে ১ হাজার টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বাধা দিতে গেলে তারা আমাকে লাথি মেরে ফেলে দেয়। এরপর আমার বৃদ্ধ ভাই স্বপনকে কিল-ঘুষি মারে ও টেনেহিঁচড়ে কোয়ার্টারের সামনের মাঠে নিয়ে যায়। এতে আমার ভাই গুরুতর আহত হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।