জুলাই আন্দোলনকে কেন্দ্র করে জুলাই–আগস্টে কুষ্টিয়ায় সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডসহ উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু তার বিচারকার্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারের আবেদন করেছেন। তিনি নিজের আইনজীবীর মাধ্যমে এ আবেদন জানান।

বুধবার (১৭ ডিসেম্বর) মামলায় সাক্ষ্যগ্রহণ চলাকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আবেদনটি উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালে ইনুর পক্ষে আবেদন করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

এদিন পঞ্চম দিনের মতো ইনুর বিরুদ্ধে সাক্ষ্য দেন কাশিমপুর কারাগার-২–এর সাবেক ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন। তিনি মামলার পঞ্চম নম্বর সাক্ষী ও জব্দতালিকার সাক্ষী। এর আগে গত ১৫ নভেম্বর তিনি ট্রাইব্যুনালে নিজের জবানবন্দি পেশ করেন।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। সেদিনও সাখাওয়াত হোসেন জব্দতালিকার সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।

একই দিনে মামলার চতুর্থ সাক্ষী সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবের উপপরিদর্শক শাহেদ জোবায়ের লরেন্স অবশিষ্ট জবানবন্দি প্রদান করেন। তার সাক্ষ্যগ্রহণ শেষে ইনুর পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী জেরা করেন। গত ৮ ডিসেম্বর তিনি প্রাথমিক জবানবন্দি দেন।

শুনানির দিন সকালে কারাগার থেকে পুলিশ পাহারায় হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার উপস্থিতিতেই সাক্ষীরা জবানবন্দি প্রদান করেন।