হেলিকপ্টার সমুদ্রপাড়ের একটি রিসোর্টে বিধ্বস্ত হয়েছে। এতে এক শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দুর্ঘটনার মুহূর্তটি পর্যটকরা ক্যামেরাবন্দি করেছেন এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন সৈকতে। স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) দুপুরে প্যাসিফিক কোস্ট হাইওয়ের কাছে বিচ বুলেভার্ড এবং টুইন ডলফিনস ড্রাইভের মাঝামাঝি হেলিকপ্টারটি ঘুরতে ঘুরতে নিয়ন্ত্রণ হারিয়ে রিসোর্টের পার্কিং লটে বিধ্বস্ত হয়।

হান্টিংটন বিচের অগ্নিনির্বাপকরা জানিয়েছেন, হেলিকপ্টারে থাকা দুই ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে রাস্তায় থাকা তিন পথচারীও আহত হয়েছেন। মোট পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পর বিকেল ৩টার দিকে হান্টিংটন স্ট্রিট ও বিচ বুলেভার্ডে যাতায়াত বন্ধ করা হয় এবং দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি কয়েকবার ঘুরে রিসোর্টের আঙিনায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। অন্য ভিডিওতে হেলিকপ্টার থেকে আকাশ থেকে কিছু পড়ার দৃশ্য ধরা পড়েছে, তবে সেটি কী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।