
পাকিস্তান-আফগান সীমান্তে গোলাগুলিতে ৬৭ জন নিহত
পাকিস্তান-আফগান সীমান্তের হেলমান্দ প্রদেশে পাকিস্তানি সেনা ও আফগানিস্তানের তালেবান সেনাদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। আফগান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সৈন্য এবং ৯ আফগান সেনা নিহত হয়েছেন, মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭। এছাড়া পাকিস্তান দাবি করেছে, সীমান্তের ১৯টি আফগান চৌকি তাদের নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (১২ অক্টোবর) আল জাজিরা ও এপির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, উত্তর সীমান্তের পার্বত্য এলাকায় আফগান সেনারা পাকিস্তানি বাহিনীর ওপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। রাতভর সংঘর্ষে অন্তত ৫৮ পাকিস্তানি সৈন্য নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এছাড়া পাকিস্তানের ২৫টি নিরাপত্তা চৌকি ধ্বংস হয়েছে। আফগান সেনার মধ্যে ৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। সংঘর্ষ মধ্যরাতে কাতার ও সৌদি আরবের অনুরোধে সাময়িকভাবে স্থগিত করা হয়।
পাকিস্তান দাবি করেছে, সীমান্তের ১৯টি আফগান চৌকি তাদের দখলে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, দেশের প্রতিরক্ষায় কোনো আপস হবে না এবং প্রতিটি উস্কানির জবাব দেওয়া হবে। সীমান্ত উত্তেজনা নিয়ন্ত্রণে আনার জন্য ইরান, কাতার ও সৌদি আরব উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, এর আগেও কাবুলে পাকিস্তানি বাহিনী বোমা হামলার অভিযোগ আনা হয়েছিল, যদিও পাকিস্তান সেই হামলার দায় স্বীকার করেনি।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।