গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নৌযান থেকে বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। শহিদুল আলম একই সঙ্গে দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক।

বুধবার (৮ অক্টোবর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি জানান, সমুদ্রে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন। ভিডিওতে তিনি বলেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশের আলোকচিত্রী ও লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাই—ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম অব্যাহত রাখুন।”

এর আগের দিন মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে শহিদুল আলম জানান, ভোরে তারা নৌবহরের ‘রেড জোন’-এ প্রবেশ করতে পারেন। রেড জোন বলতে তিনি বোঝান সেই সমুদ্রসীমা, যেখানে কিছুদিন আগে ইসরায়েলি সেনারা সুমুদ ফ্লোটিলার নৌবহর আটকে অধিকারকর্মীদের আটক করেছিল।

পোস্টে তিনি লিখেছিলেন, “আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে আছি, যাতে ‘থাউজেন্ড ম্যাডলিনস’ নৌবহরের ছোট ও ধীরগতির জাহাজগুলো পিছিয়ে না পড়ে। এগুলোও এফএফসির অংশ। তবে আমরা সুমুদ ফ্লোটিলার চেয়ে দ্রুত এগোচ্ছি। ঝড় ও তীব্র বাতাসের কারণে সুমুদ ফ্লোটিলা সাময়িকভাবে থেমে গিয়েছিল।”

তিনি আরও জানিয়েছেন, ধীরগতির জাহাজগুলো সমকাতারে এসে পৌঁছেছে এবং তারা রেড জোন থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিলেন।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন দীর্ঘদিন ধরে অবরুদ্ধ গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে কার্যক্রম চালাচ্ছে। তবে এ ধরনের নৌবহর প্রায়ই ইসরায়েলি বাহিনীর বাধা ও দমননীতির শিকার হয়।