
র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন হারুন অর রশীদের স্ত্রী ফাতেহা পারভীন লুনা, বড় মেয়ে ফাহমিদা ফারাহ ফাবিয়া ও ছোট মেয়ে নুসরাত যারিন আর্দিতা।
দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন আদালতে আবেদনটি দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, ব্যারিস্টার হারুন অর রশীদের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে।
দুদকের বক্তব্যে বলা হয়, বিশ্বাসযোগ্য সূত্রে জানা গেছে হারুন অর রশীদ ও তার পরিবারের সদস্যরা পলাতক এবং যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। এতে চলমান তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। এ কারণেই তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির অনুরোধ জানানো হয়, যা আদালত মঞ্জুর করেছেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।