
প্রথমবারের মতো বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে গম আমদানি শুরু করেছে। শনিবার (২৫ অক্টোবর) ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি নর্স স্ট্রাইড নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) আওতায় এ আমদানি কার্যক্রম শুরু হয়েছে। এই চুক্তির অধীনে মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হবে। এর প্রথম চালান হিসেবে এমভি নর্স স্ট্রাইড জাহাজে করে এই গম বাংলাদেশে এসেছে।
সরকারের খাদ্য অধিদফতর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (USDA)-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে গম আমদানির কার্যক্রম চলছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে এবং পরীক্ষার পর দ্রুত গম খালাসের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, মোট ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।