ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে এই তফসিল প্রকাশ করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এই নির্বাচনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পেতে পারেন।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট স্থগিত রাখা হয়। এছাড়া বগুড়া-৬ আসন তারেক রহমান ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হবে। চট্টগ্রাম-২ ও ৪ আসনে আইনি জটিলতার কারণে এখনো ফলাফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন।
বর্তমানে সংসদে বিএনপির ২০৮ জন সদস্য রয়েছেন। জামায়াতের ৬৮ জন এবং এনসিপির ৬ জন সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিসের আরও একটি করে আসন রয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।
আইন অনুযায়ী, সংসদে কোনো দল যতটি সাধারণ আসন পায়, সেই সংখ্যা ৫০ দিয়ে গুণ করে ৩০০ দিয়ে ভাগ করলে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারণ করা হয়।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।