চূড়ান্ত ভোটার তালিকার তারিখ জানালো নির্বাচন কমিশন

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩১ আগস্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই ২০০৮। অর্থাৎ, যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে এবং যারা ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধনে অন্তর্ভুক্ত হয়েছেন বা হবেন, তাদের তথ্য হালনাগাদ করে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, ৪ আগস্টের মধ্যে হালনাগাদ খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। ৯ আগস্ট প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও তথ্য সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং ২৮ আগস্ট পর্যন্ত সংশোধিত তথ্য তালিকায় যুক্ত করা হবে। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

ইসি আরও জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর সাধারণ মানুষকে তালিকা যাচাই ও প্রয়োজনীয় সংশোধনের জন্য উৎসাহিত করতে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও কেবল টেলিভিশন অপারেটরদের মাধ্যমে বিষয়টি প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।