ড্রোন কারখানা, তুরস্ক ও বাংলাদেশের পতাকা। ছবি : সংগৃহীত

তুরস্কের যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন কারখানা, উন্নয়ন হবে বিমানঘাঁটি ও বিমানবন্দর

প্রতিরক্ষা প্রযুক্তিতে সক্ষমতা বাড়াতে তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে উত্তরাঞ্চলে বিমান যোগাযোগ ও সামরিক অবকাঠামো জোরদারে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং নতুন বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। তিনি বলেন, সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব পরিকল্পনার কথা তুলে ধরেছেন।

প্রতিমন্ত্রী জানান, তুরস্কের সহযোগিতায় বগুড়া বিমানঘাঁটির পাশেই ড্রোন উৎপাদন কারখানা নির্মাণ করা হবে। এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা প্রযুক্তি খাতে নতুন সক্ষমতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলে বর্তমানে আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। এ কারণে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমানঘাঁটি স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

মীর শাহে আলম জানান, ভবিষ্যতে বিমানবাহিনীর বহরে যুক্ত হওয়া নতুন যুদ্ধবিমানগুলো এই ঘাঁটিতেই মোতায়েন করা হবে, যা দেশের উত্তরাঞ্চলের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।