মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত আইকনিক পেট্রোনাস টাওয়ারের তৃতীয় ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সকালে এই আগুন লাগে।

আগুনের ঘটনা প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভবন থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখার ছবি–ভিডিও ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক হাসান আসআরী ওমর বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ওপরের তলায় একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে আগুনের কারণ উদঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত শুরু হয়েছে।