মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামি কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাবের পাঠানো এক ভিডিওতে দেখা যায়, কবির হাদির আশপাশের এলাকাতেই বসবাস করতেন। তবে হাদিকে হত্যাচেষ্টার পেছনে কবিরের সুনির্দিষ্ট ভূমিকা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি সংস্থাটি।

ডিবি সূত্র জানায়, দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই হত্যাচেষ্টা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। এর মধ্যে শুটার ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া হাদিকে গুলি করার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আবদুল হান্নানকে রোববার তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।