
মেহেরপুরে বিএনপির প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে গাংনীতে দলটির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ধাওয়া–পাল্টা ধাওয়া ও উপজেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে গাংনী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
জানা যায়, সোমবার মনোনয়ন ঘোষণার পর থেকেই মেহেরপুর-২ আসনে তীব্র উত্তেজনা দেখা দেয়। এর জের ধরেই মঙ্গলবার সহিংসতা ছড়িয়ে পড়ে। বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন অভিযোগ করেন, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ বিষয়ে মিল্টনপন্থী আব্দুল আউয়ালের বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, আমজাদ হোসেনের সমর্থকেরা দাবি করেন, প্রথমেই মিল্টনপন্থীরা একতরফাভাবে হামলা চালিয়ে কার্যালয় ভাঙচুর করেছে।
জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন বলেন, এ ঘটনা দুঃখজনক ও অপ্রত্যাশিত। বিষয়টি তিনি পরে জেনেছেন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান।
গাংনী থানার ওসি বনী ইসরাইল বলেন, উভয় পক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।