ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে বাস থেকে নামিয়ে অপমান ও আহত করার ঘটনায় প্রতিবাদে বাস চলাচল বন্ধ ও অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধীরা। এ ঘটনায় পুলিশ বাস শ্রমিক ঝন্টুকে আটক করেছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে নগরীর মাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বৈষম্যবিরোধীরা। শনিবার দুপুর পর্যন্তও তারা দোষীদের শাস্তি ও আওয়ামী লীগের জেলা সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তারের দাবিতে অবস্থান বজায় রেখেছেন।

অন্যদিকে, বৈষম্যবিরোধীদের অবস্থানের প্রতিবাদে নগরের ঢাকা-ময়মনসিংহ বাইপাসে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে দুপুর ১২টা থেকে ঢাকাগামী কোনো যান চলাচল না হওয়ায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধীরা বাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। তারা ফ্যাসিস্টদের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের বাস সার্ভিসও বন্ধ করার দাবি জানিয়েছেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হালুয়াঘাটের জুলাইযোদ্ধা আবু রায়হান শুক্রবার রাতে বাসে ওঠার সময় বাস শ্রমিক ঝন্টুর শরীরে ধাক্কা লেগে যায়। এরপর রায়হান নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে ক্ষমা চাইলেও ঝন্টু অশালীন আচরণ ও কটূক্তি করে তাকে বাস থেকে নামিয়ে দেয়।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি জানান, সারারাত বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, বিষয়টি আমরা দেখছি কিভাবে সমাধান করা যায়।