জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাসের ভাড়াও বাড়ানো হয়েছে। তেলের নতুন দামের সঙ্গে সমন্বয় করে দূরপাল্লা ও রাজধানীসহ বিভিন্ন শহরের বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৪০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম শহরের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৭০ পয়সা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে বাস ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সিটি সার্ভিস ও দূরপাল্লার বাস—উভয় ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।

এদিকে, রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার থেকে কার্যকর হয়েছে।