চলমান সংস্কার শেষ হলে চট্টগ্রাম বন্দরে দুর্নীতি ও হয়রানি কমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

রোববার (১০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বন্দরে এজেন্ট ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিতে এবং বন্দরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করতে সরকার কাজ করছে। সেবার মান উন্নয়নে এনসিটিতে অপারেটর পরিবর্তন ও অনলাইন সেবা চালু করা হচ্ছে। এতে এক জায়গায় সব সেবা পাওয়া যাবে, রিয়েল টাইমে কন্টেইনারের তথ্য ও যানবাহন ট্র্যাকিং সম্ভব হবে।

তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে বন্দরের সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পাবে। নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পর নিউমুরিং কনটেইনার টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৩০ শতাংশ এবং জাহাজের অপেক্ষার সময় কমেছে প্রায় ১৩ ঘণ্টা।